বাংলাদেশ কম্পিউটার সমিতিকে সফটওয়্যার সল্যিউশন দেবে বিভিসিএল

১৭ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:০৮  
ব্যবসায় মূলধন, পরামর্শ, একাউন্ট তৈরি, মানব সম্পদ ব্যবস্থাপনা, আইন এবং পরিচালনা, ব্যবসায়িক তহবিল বাড়ানো, প্রযুক্তি এবং সফটওয়্যার সল্যিউশনের সুবিধা প্রদান করতে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড (বিভিসিএল) এর সঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার এই চুক্তির কথা প্রকাশ করেছে বিসিএস। বিসিএস এর পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তি অনুসারে, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল বিসিএস সদস্যদের বিনিয়োগ সম্ভাবনা, ব্যবসা বিষয়ক বিভিন্ন কর্মশালা আয়োজনসহ ব্যবসা সংক্রান্ত কর্মকান্ডে সহায়তা করবে। ভেঞ্চার ক্যাপিটাল এর একজন নির্বাচিত কর্মকর্তা বিসিএস সদস্যদের এইসব কার্যক্রমে সহযোগিতা করবেন। এরমাধ্যমে সদস্যদের বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড ব্যাংকের চেয়ে বেশি সুযোগ সুবিধা প্রদান করবে বিসিএস। ব্যাংক ভৌত সম্পদ, শর্তযুক্ত নির্দিষ্ট শর্ত, প্রথম থেকেই সুদ প্রদান, দুর্যোগকালীন সময়কে গণনা করে বিভিন্ন শর্তযুক্ত ঋণ প্রদান করে থাকে। কিন্তু বিভিসিএল ভৌত সম্পদ ছাড়া লোন প্রদান, মুনাফা ভাগাভাগি, ব্যবসার সম্প্রসারে পরামর্শসহ বিভিন্ন ধরণের সুবিধা প্রদান করবে। ধানমন্ডিতে বিসিএস কার্যালয়ে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি)  সন্ধ্যায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর এবং বিভিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মো. জহির উদ্দিন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিএস এর সহকারী সাধারণ ব্যবস্থাপক মো. হাসানু্জ্জামান এবং নেক্সাস টেকনোলজি’র স্বত্তাধিকারী এ.এইচ.এম জহিরুল হক ‍উপস্থিত ছিলেন।